লালমনিরহাট সীমান্তে ফাঁকা গুলি ছুড়ে নৌকা নিয়ে গেল বিএসএফ
স্ট্রিম সংবাদদাতালালমনিরহাট
-d302fb-480x270.webp)
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ধরলা নদী থেকে বালু-পাথর উত্তোলনকে কেন্দ্র করে পাঁচটি ফাঁকা গুলি ছুঁড়ে চারটি বাংলাদেশি নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বরমতল মাইয়ামরা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির তিস্তা ব্যাটালিয়নের বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত পিলার ৮৪২/৪-এস ও ৮৪২/৫-এসের মধ্যবর্তী স্থান থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে বরমতল এলাকায় কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করতে গেলে ভারতের ৬২ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে বিএসএফ সদস্যরা চারটি নৌকা নদী পার হয়ে নিয়ে ক্যাম্পে চলে যান।
তবে স্থানীয় একটি সূত্রের দাবি, বাংলাদেশি ভূখণ্ডের শূন্যরেখার কাছ থেকে নৌকা নিয়ে বালু উত্তোলনের সময় বিএসএফের ২৫ থেকে ৩০ জন সদস্য শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসেন। পরে তাঁরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে চারটি নৌকা নিয়ে যান।
বিজিবি জানিয়েছে, এর আগেও বাংলাদেশি নাগরিকদের সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে গিয়ে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে তাঁদের একাধিকবার সতর্ক করা হয়েছিল।
গুলির ঘটনায় প্রতিবাদ জানিয়ে পানিশালা ক্যাম্পের বিএসএফ কমান্ড্যান্টকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। প্রায় পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলের পাশে বুড়িমারী ও চ্যাংড়াবান্ধা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গুলি ছোড়ার ঘটনায় প্রতিবাদ জানায় বিজিবি। তবে বৈঠকের বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার রেজাউল করিম।
বিজিবি ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২) জানিয়েছে, বিষয়টি পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
.png)
-b52d51.jpeg)
-028855-256x144.webp)




