ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সংগৃহীত ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সংগৃহীত ছবি

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানান।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলন হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে সরাসরি আমন্ত্রণ জানানো হয়নি, আমন্ত্রণ জানানো হয়েছে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে। তাহলে আমরা কীভাবে যাব?’

তিনি জানান, যে প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, ঢাকা তাতে সন্তুষ্ট নয়।

তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর কোনো বহুপাক্ষিক (মাল্টিল্যাটারাল) আয়োজনের মাধ্যমে হতে পারে না। দুই দেশের জন্য অনুকূল ও উপযুক্ত পরিবেশ তৈরি হলেই সরকার দ্বিপক্ষীয় সফরের আয়োজন করবে।

বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়। তবে ২০২৫ সালের এপ্রিলে সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পায় বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে এবারের ব্রিকস সম্মেলনের ‘আউটরিচ সেশনে’ যোগ দিতে বিমসটেক চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। কিন্তু ঢাকা সেই আমন্ত্রণে সাড়া দেয়নি।

এবারের সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলোর শীর্ষ নেতারা অংশ নেবেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত