হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ফের ২৫ সেপ্টেম্বর থেকে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২০
 'বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস' উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সংগৃহীত ছবি
'বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস' উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সংগৃহীত ছবি

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আবারও বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডিতে ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, এর আগে ঘাটতি থাকলেও বর্তমান সরকার ২১ দিনের মধ্যে ইউনিসেফের মাধ্যমে ১ কোটি ৮৫ লাখ শিশুর জন্য টিকা সংগ্রহ করে টিকাদান সম্পন্ন করেছে। ক্যাম্পেইন শেষ হওয়ার পরও বিভিন্ন এলাকায় সংক্রমণ অব্যাহত থাকায় সরকার ‘মপ-আপ’ কার্যক্রমের আওতায় নতুন করে প্রায় ১৪ লাখ শিশুকে টিকা দিয়েছে। সংক্রমণের ঝুঁকি বিবেচনায় নিয়ে নতুন করে এই বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ক্যাম্পেইনের জন্য প্রয়োজনীয় টিকার অধিকাংশ ইতিমধ্যে দেশে পৌঁছেছে। অবশিষ্ট টিকা ১৭ সেপ্টেম্বরের মধ্যে পৌঁছাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম শনাক্ত হওয়া ১০০ এবং এর উপসর্গ থাকা ৯০২ জনের মৃত্যু হয়েছে (মোট ১,০০২ জন)। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৬৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেট বিভাগে ১৫৯, রাজশাহীতে ৯৫, ময়মনসিংহে ৭৯, বরিশালে ৭৬, চট্টগ্রামে ৭৫, খুলনায় ৩৭ এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।

হামের পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ কমাতে প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতিটি হাসপাতালে আইসোলেশন বেড প্রস্তুত রয়েছে। প্রয়োজন অনুযায়ী মোবাইল হাসপাতালের ব্যবস্থাও রাখা হয়েছে। টারশিয়ারি হাসপাতালগুলোর ওপর চাপ কমাতে সোসাইটি অব মেডিসিনের মাধ্যমে উপজেলা পর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, তাঁদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছি।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত