
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ জানান, এই আসনে ভোট হবে আগামী ২৯ অক্টোবর।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।

আসনটির ভোটার তালিকা ঘোষণা করে ইসি সচিব বলেন, ঠাকুরগাঁওয়ের তিন উপজেলা মিলে এ আসন। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ভোটার ৩ লাখ ২৭ হাজার ৩৮৯ জন। আর রুহিয়া উপজেলায় ৮২ হাজার ৬৪৪ জন ও ভূল্লী উপজেলায় ১ লাখ ৫ হাজার ৪৯২ জন। অর্থাৎ তিন উপজেলা মিলে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন ভোটার। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ওই আসনে ভোটার ছিল ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। সে হিসেবে এবারের নির্বাচনে ভোটার বেড়েছে ৮ হাজার ৩২২ জন।”
ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য দিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচনে ১৮৫ জন প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। আর ৯৮৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১ হাজার ৯৭৮ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ১৮৫টি কেন্দ্রে ৯৮৯টি ভোটকক্ষ থাকবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।’
নির্বাচনে পোস্টাল ব্যালট থাকছে জানিয়ে তিনি আরও বলেন, ‘গত নির্বাচনে বিদেশ থেকে ঠাকুরগাঁও-১ আসনের জন্য নিবন্ধিত হয়েছিলেন ৩৮৬ জন। দেশ থেকে নিবন্ধিত হয়েছিলেন ৪ হাজার ৪৫ জন। এ পদ্ধতি এবারও থাকবে। তবে সংখ্যাগত কিছু পরিবর্তন হতে পারে। কারণ, কেউ বদলি হতে পারেন, কেউ নতুন করে যুক্ত হতে চাইলে হতে পারবেন। সে কারণে আমাদের ওসিবি ৫০০ জন ও আইসিভি ৫ হাজার ব্যালট ছাপানোর টার্গেট রয়েছে।’
গত ২০ আগস্ট জাতীয় সংসদে সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর তার নির্বাচনী আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি তাঁহার কার্যভারকালে সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য হইবেন না, এবং কোন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হইলে রাষ্ট্রপতিরূপে তাঁহার কার্যভার গ্রহণের দিনে সংসদে তাঁহার আসন শূন্য হইবে।’
আর সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। সেই সময়সীমার মধ্যেই উপনির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।
আসনটি শূন্য ঘোষণার পর গত ৩০ আগস্ট জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এদিকে উপনির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমীন ও বড় মেয়ে শামারুহ মির্জার নাম আলোচনায় রয়েছে।
.png)
-028855-256x144.webp)





