
ঢাকার ধামরাইয়ে অস্ত্রের মুখে নৈশপ্রহরীকে জিম্মি করে একটি চার্জিং পয়েন্টে থেকে ৪টি ব্যাটারিচালিত অটোরিকশা ও ৬টি ব্যাটারি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ধামরাই-কালামপুর আঞ্চলিক সড়কের গোয়ালদি এলাকার ‘বিল্লাল অটো চার্জিং পয়েন্টে’ এই ঘটনা ঘটে।
উপজেলার কালামপুর বাজারের পূর্বপাশে সজাগ সেন্টার নামে একটা আধাপাকা ঘরে চার্জিং পয়েন্ট চালাতেন মো. বিল্লাল হোসেন। লুট হওয়া মালামালের বাজারমূল্য প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা বলে তার দাবি। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। তবে বেলা ৪টা পর্যন্ত ধামরাই থানার মামলা হয়নি বলে নিশ্চিত করেন ওসি নাজমুল হুদা খান।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে ডাকাতদল অস্ত্র নিয়ে চার্জিং পয়েন্টে প্রবেশ করে। নৈশপ্রহরী মজিবুর রহমানকে অস্ত্রের মুখে তাঁর হাত-পা বেঁধে ফেলা হয়। পরে চার্জে থাকা ৪টি অটোরিকশা ও ৬টি ব্যাটারি খুলে নিয়ে পালিয়ে যায় তারা।
নৈশপ্রহরী মজিবুর রহমান বলেন, ‘একদল লোক তালা কেটে ভেতরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে আমার হাত-পা বেঁধে ফেলে। এরপর গাড়ি ও ব্যাটারি নিয়ে চলে যায়।’
ওসি নাজমুল হুদা খান জানান, সকালে গোয়ালদি এলাকায় ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় চার্জিং পয়েন্টের মালিক মামলা করবেন বলে জানিয়েছেন।
.png)
-028855-256x144.webp)





