প্রতারণা মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের বিরুদ্ধে অভিযোগ গঠন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৫
সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের। সংগৃহীত ছবি
সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের। সংগৃহীত ছবি

প্রতারণা ও জালিয়াতির মামলায় সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ১০ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন। আহমেদ জোবায়েরের আইনজীবী সালেহ উদ্দিন এসব তথ্য জানান।

এদিন আহমেদ জোবায়েরের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন আইনজীবী সালেহ উদ্দিন। শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন। পরে আসামির জামিন চেয়ে আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন।

এছাড়া প্রতারণা ও জালিয়াতির অভিযোগে করা আরেক মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের আদালতে আহমেদ জোবায়েরের জামিন চাওয়া হয়। ওই আদালতও তার জামিন আবেদন নামঞ্জুর করেন বলে জানান জোবায়েরের আইনজীবী।

মামলার এজাহার ও তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, সময় টেলিভিশনের দায়িত্বে থাকাকালে আহমেদ জোবায়েরের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে তহবিল থেকে ২ কোটি ৩৩ লাখ টাকা উত্তোলনের অভিযোগ ওঠে। পরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে ওই অর্থের পাশাপাশি প্রতিষ্ঠানের দুটি গাড়ি ফেরত দিতে বলা হয়।

অভিযোগ অনুযায়ী, আহমেদ জোবায়ের এসব অর্থ ও গাড়ি ফেরত দিতে অস্বীকৃতি জানান। পরে সময় টিভির মালিকানা প্রতিষ্ঠান সিটি গ্রুপ এসব সম্পদ ফেরত চেয়ে তাকে আইনি নোটিশ পাঠায়। তবে তিনি ওই নোটিশেরও জবাব দেননি বলে মামলায় বলা হয়েছে।

এ ঘটনায় সময় টিভির জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান গত ১০ মে মামলা করেন। পরে পিবিআই তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়।

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগ এনে আহমেদ জোবায়ের ছাড়াও আরও পাঁচজনের বিরুদ্ধে করা মামলা করা হয়। মামলার অন্য আসামিরা হলেন— আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, মেয়ে সারাফ নাওয়ার জয়ীতা, ছেলে আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী।

মামলার পর ১৭ জুন আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। তারা হাজির না হওয়ায় ওইদিনই আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এরপর ১৮ জুন আহমেদ জোবায়ের, আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তিনজনকে জামিন দিলেও আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত