চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪৯
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভিডিও থেকে নেওয়া ছবি
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভিডিও থেকে নেওয়া ছবি

পিলখানা হত্যাকাণ্ডের পর কোনো নিরপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি এবং চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দোষী সাব্যস্ত হওয়ায় চাকরিচ্যুত সদস্যদের বিজিবিতে পুনর্বহালের সুযোগ নেই।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। প্রশ্নোত্তর পর্বে তাঁর লিখিত উত্তরটি টেবিলে উত্থাপন করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছ জানতে চান, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআরের একটি বিদ্রোহী গ্রুপের সংঘটিত হত্যাকাণ্ডের বিচারে যেসব নিরপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের পুনরায় বিজিবিতে চাকরি দেওয়া হবে কি না।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানায় বিদ্রোহ ও হত্যাকাণ্ডের পর তৎকালীন বিডিআরের আইন ও বিধি অনুযায়ী গঠিত বিভাগীয় স্পেশাল কোর্ট ও প্রশাসনিক বিচার ব্যবস্থায় সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন ইউনিটে গঠিত তদন্ত পর্ষদের মাধ্যমে সংশ্লিষ্ট সদস্যদের শনাক্ত করা হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ৬ হাজার ২৮৬ জন বিডিআর সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক বিচার ব্যবস্থার মাধ্যমে ২ হাজার ৫১০ জনকে পেনশন সুবিধাসহ চাকরি থেকে ‘বাধ্যতামূলক অবসর’ দেওয়া হয়েছে। সব মিলিয়ে চাকরিচ্যুত সদস্যের সংখ্যা ৮ হাজার ৭৯৬ জন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এসব শাস্তি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ার পর দেওয়া হয়েছে। ফলে কোনো নিরপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি এবং চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই।

তিনি আরও জানান, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত সদস্যদের মধ্য থেকে ৮৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা এবং ৮৩৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

হত্যা মামলায় নিম্ন আদালত অভিযুক্ত বিডিআর সদস্যদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। বর্তমানে ওই মামলার আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চলমান রয়েছে বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে, ৮৩৪ জনের বিরুদ্ধে করা বিস্ফোরক মামলার বিচারিক কার্যক্রম নিম্ন আদালতে চলমান রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, হত্যা ও বিস্ফোরক—উভয় মামলার বিচারিক কার্যক্রম চলমান থাকায় এসব মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরও চাকরিতে পুনর্বহালের সুযোগ নেই।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত