নির্বাচনে রিপাবলিকান জিতলে প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দল কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট— দুই কক্ষেই জয়ী হলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পরিকল্পনা বাস্তবায়নে সরকারের প্রায় ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার খরচ হতে পারে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রিপাবলিকান দলের ডালাস সম্মেলনে দেওয়া ভাষণে ট্রাম্প এ ঘোষণা দেন।
তবে অর্থ কীভাবে বিতরণ করা হবে কিংবা এর অর্থায়ন কোথা থেকে হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
ট্রাম্পের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, আমদানি পণ্যের ওপর আরোপ করা শুল্ক থেকে সরকারের যে বিপুল রাজস্ব আসছে, সেখান থেকেই এই অর্থ দেওয়ার পরিকল্পনা হতে পারে। তিনি এটিকে আমেরিকান শ্রমিকদের জন্য একটি ‘লভ্যাংশ’ বলেও উল্লেখ করেন।
তবে ট্রাম্পের ঘোষণাকে ‘ফাঁকা প্রতিশ্রুতি’ বলে সমালোচনা করেছে ডেমোক্র্যাটরা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, এত বড় অঙ্কের অর্থ বিতরণ আদৌ আইনসম্মত ও বাস্তবায়নযোগ্য কি না। কেননা যুক্তরাষ্ট্রে সরকারি অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়ার ক্ষমতা কংগ্রেসের হাতে। ট্রাম্প এই অর্থ ছাড়ের জন্য কংগ্রেসের অনুমোদন চাইবেন কি না, তা স্পষ্ট করেননি।
যুক্তরাষ্ট্রে প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিক রয়েছেন। প্রত্যেককে ৫ হাজার ডলার করে দেওয়া হলে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার। নির্বাচনের দুই মাসেরও কম সময় আগে এমন ঘোষণা দেওয়ায় অনেকে এটিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেও দেখছেন।
এর আগে ট্রাম্প শুল্ক থেকে পাওয়া অর্থ দিয়ে আমেরিকানদের ২ হাজার ডলারের চেক দেওয়ার প্রস্তাব করেছিলেন। এবার সেই অঙ্ক বাড়িয়ে ৫ হাজার ডলার করার কথা বললেন তিনি।
সম্মেলনে ট্রাম্প বলেন, রিপাবলিকানরা দুই কক্ষেই জয়ী হলে এই অর্থ দেওয়া হবে। তিনি রসিকতা করে বলেন, এই টাকা খরচ করতে আমেরিকানদের কানাডা, চীন বা জার্মানিতে যাওয়া উচিত হবে না; অর্থ যুক্তরাষ্ট্রেই খরচ করতে হবে।
এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রভাব নিয়েও বক্তব্য দেন ট্রাম্প। হরমুজ প্রণালি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। ট্রাম্পের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে স্বল্পমেয়াদি অর্থনৈতিক চাপ মেনে নেওয়া প্রয়োজন।
সূত্র: বিবিসি
.png)
-028855-256x144.webp)





-fec865-256x144.webp)