জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত ৯ যুদ্ধবিমান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫৪
জর্ডানের আজরাক শহরের মুওয়াফ্ফাক আল-সালতি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ছবি: সংগৃহীত
জর্ডানের আজরাক শহরের মুওয়াফ্ফাক আল-সালতি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ছবি: সংগৃহীত

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত করা এসব হামলায় ৯টি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, একটি এ-১০ থান্ডারবোল্ট ও অন্তত আটটি এফ-১৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘ওয়ারথগ’ নামের এ-১০ যুদ্ধবিমানের একটি ডানা ভেঙে গেছে। হামলায় এখনো কোনো মার্কিন নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে সিবিএস জানায়, ক্ষতিগ্রস্ত এফ-১৫ যুদ্ধবিমানগুলোকে ইতিমধ্যে মেরামত করা হয়েছে এবং কাজে ফেরানো হয়েছে।

এর আগে মঙ্গলবার ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানায়, মার্কিন নৌযানে ইরানের হামলার চেষ্টার জবাবেই তাদের তেল ট্যাংকারগুলোতে পাল্টা হামলা চালানো হয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করে, তারা আটটি তেলবাহী ট্যাংকার, দুটি যুদ্ধজাহাজ এবং জর্ডানের ওই বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

সিবিএস নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রজেক্টাইল প্রতিহত করতে জর্ডানে থাকা মার্কিন বাহিনী ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এর আগে সিবিএস নিউজ জানিয়েছিল, অন্যান্য নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্রের পাশাপাশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে যাওয়ায় মার্কিন কর্মকর্তারা উদ্বিগ্ন।

জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানে এই ঘাঁটি ব্যবহৃত হয়ে আসছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত