সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ২০
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী দিনে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি: ভিডিও থেকে নেওয়া
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী দিনে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, এ ধরনের আচরণ কোনোভাবেই সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না এবং এটি গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, ‘আমার বক্তব্য শেষে কেউ পাল্টা বক্তব্য দিতে পারেন। কিন্তু গতকাল সংসদে আমার আশপাশ থেকে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। এটা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।’

সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ না থাকার অভিযোগ করে তিনি বলেন, ‘এই সংসদে ডিসেন্ট ওয়েজ নেই। গতকাল সংসদে যে আচরণ লক্ষ্য করেছি, তা কোনোভাবেই গণতান্ত্রিক রীতি হতে পারে না।’

তিনি বলেন, সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্য থাকেন। ফলে প্রত্যেকের মত ও অবস্থান ভিন্ন হতে পারে। সেই ভিন্নমতকে সম্মান করার পাশাপাশি যুক্তি দিয়ে পাল্টা বক্তব্য দেওয়ার সুযোগ থাকা উচিত।

রুমিন ফারহানা বলেন, ‘এই সংসদে যখন আমি একা দাঁড়িয়ে ২০১৮ সালে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, তখন আমি জঘন্য পরিস্থিতির মুখোমুখি হয়েছি।’

বর্তমান সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর ভাষায়, ‘সংসদে শুধু না-এর পক্ষে ভোট দেওয়ার জন্য বিরোধীদল সেজে বসে থাকার কোনো মানে দেখছি না।’

এর আগে বুধবারের সংসদীয় কার্যক্রমের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, সংসদে অসহিষ্ণুতা তাঁকে আগের আওয়ামী লীগ সরকারের সময়ের কথা মনে করিয়ে দিয়েছে।

তিনি বলেন, ‘এত অসহিষ্ণু সংসদ, মনে হয় যেন একবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা। আওয়ামী লীগকে যখন বলতাম, তখন তারাও হট্টগোল করত। এখন বিএনপি একই ধরনের আচরণ করছে।’

সংসদে তাঁর সঙ্গে করা আচরণকে গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, মতের বিরোধ থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ, গালাগালি বা হট্টগোলের মাধ্যমে তা প্রকাশ করা সংসদীয় সংস্কৃতির অংশ হতে পারে না।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত