দাঁড়িয়ে দেখছিলেন ফোন, মোটরসাইকেলে এসে ছুরিকাঘাতে হত্যা
স্ট্রিম সংবাদদাতাখুলনা

খুলনা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গার তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনে এই ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিন (২৮) খুলনা সদর থানার আলকাতরা মিলের পাশের এলাকার বাসিন্দা। তিনি ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে নগরীর একটি দোকানে কাজ করতেন।
স্থানীয়দের বরাতে সোনাডাঙ্গা মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার করছিলেন মোস্তাকিন। এ সময় চারটি মোটরসাইকেলে আটজন এসে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, কারা, কী কারণে মোস্তাকিনকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত করে দেখছে।
এদিকে, গত দুই বছর ধরে খুলনা নগরী অপরাধের অভয়ারণ্য হয়ে উঠেছে। একের পর এক হত্যাকাণ্ডে সন্ধ্যা নামলেই বাসিন্দাদের মধ্যে ভর করে আতঙ্ক। নদীতেও নিয়মিত মিলছে লাশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মধ্যেও অপরাধ কমেনি। খুলনা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তথ্য বলছে, চলতি বছর নগরীতেই ২৪ জন হত্যার শিকার হয়েছে।
কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশান) এম এম শাকিলুজ্জামান বলেন, নগরের অধিকাংশ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার। বেশির ভাগ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন আগে আটটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
.png)
-028855-256x144.webp)





