হুতিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চায় না, দাবি ট্রাম্পের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩১
ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ সালমান। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ সালমান। ছবি: সংগৃহীত

হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের যুদ্ধে জড়াতে চায় না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইয়েমেনে সরাসরি সামরিক হস্তক্ষেপ না করার জন্য মার্কিন প্রশাসনকে অনুরোধ জানিয়েছে হুতিরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) আয়ারল্যান্ড সফররত ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘হুতিরা স্বউদ্যোগেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় না। তারা চায় না আমরা আক্রমণ চালাই।’

তিনি আরও বলেন, ‘হুতিরা অধিকাংশ জাহাজকেই নিরাপদে চলাচল করতে দিচ্ছে। কেবল নির্দিষ্ট দেশের বিরুদ্ধেই তাদের তীব্র ক্ষোভ রয়েছে। তবে আমরা সে বিষয়টিও মীমাংসা করে ফেলব।’

সৌদি আরবের সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে নিজের ‘ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প।

এর আগে ইয়েমেনে হুতিদের অবস্থানে মার্কিন বিমান হামলা চালানোর অনুরোধ জানিয়েছিল সৌদি আরব। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানান। তবে যুক্তরাষ্ট্র সরাসরি বিমান হামলার সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। শুধু গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তু শনাক্তে সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে।

বৃহস্পতিবার হুতিরা ইয়েমেনের বন্দরনগরী আল–মোখা নিয়ন্ত্রণে নেওয়ার পর লোহিত সাগরের উপকূল ধরে কৌশলগত কয়েকটি দ্বীপের দিকে অগ্রসর হয়েছে। ইয়েমেন সরকারের সামরিক সূত্রগুলো বলেছে, হুতিরা বাব এল-মান্দেব প্রণালির ওপর আরও বেশি প্রভাব বিস্তার করেছে।

শনিবার ইয়েমেনের সরকারি বাহিনী তাইজ ও মোখা অঞ্চলে হুতিদের অস্ত্রাগার ও রসদবাহী বহরে বিমান হামলা চালিয়েছে। তা সত্ত্বেও হুতি বিদ্রোহীরা দক্ষিণে তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। সম্ভাব্য বিমান হামলার ঝুঁকি এড়াতে হুতিরা দখলকৃত মোখা বন্দর ও আশপাশের এলাকা থেকে ভারী অস্ত্রশস্ত্র সরিয়ে তাদের নিয়ন্ত্রণে থাকা সুরক্ষিত অবস্থানে নিয়ে যাচ্ছে।

তথ্যসূত্র: আল-জাজিরা ও অ্যাক্সিওস

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত