সুপ্রিম কোর্ট এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার
স্ট্রিম প্রতিবেদকঢাকা

রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দুই পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সুপ্রিম কোর্ট সংলগ্ন হাইকোর্ট মাজার এবং জাতীয় ঈদগাহ মাঠের পাশে মরদেহগুলো দেখে পুলিশকে জানায় পথচারীরা।
পুলিশ জানিয়েছে, একটি মরদেহ শিক্ষাভবনের বিপরীত পাশে সুপ্রিম কোর্ট পানির পাম্পের পাশে এবং অপরটি জাতীয় ঈদগাহের প্রধান গেটের উত্তর পাশের বটগাছের নিচে ফুটপাত থেকে উদ্ধার করেন শাহবাগ থানার এসআই তৌফিক হাসান। পরে তিনি ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান স্ট্রিমকে জানান, মৃতদের একজনের বয়স আনুমানিক ৩৫ বছর, অন্যজনের ৬৫। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তারা মারা গেছেন।
তিনি আরও জানান, ওই দুজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একটি মরদেহের আঙুল পোকায় খাওয়ায় হাতের ছাপ নেওয়া সম্ভব হয়নি। অন্যজনের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
.png)






