ইরান সন্ত্রাসবাদের প্রধান মদদদাতা, ৯/১১ স্মরণানুষ্ঠানে ট্রাম্প
স্ট্রিম ডেস্ক

ইরানকে ‘সন্ত্রাসবাদের এক নম্বর মদদদাতা’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১১ সেপ্টেম্বর) পেন্টাগনে ৯/১১ হামলার ২৫তম বার্ষিকীর স্মরণানুষ্ঠানে এ কথা বলেন তিনি।
৯/১১-এর চেতনার সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক টেনে ট্রাম্প বলেন, ‘পঁচিশ বছর আগে নিহতদের নামে আমরা যে পবিত্র শপথ নিয়েছিলাম, আজ তা নবায়ন করছি। আমরা সেই দিনটিকে কখনোই ভুলব না। সে কারণেই আজ আমরা লড়ছি। আমাদের সামনে কোনো বিকল্প নেই। জেতার জন্যই লড়াই করছি।’
ট্রাম্প বলেন, ৯/১১-এর মতো দিনগুলোতে আমরা বুঝতে পারি এই দেশ আসলে কী দিয়ে তৈরি। বর্তমানেও আমরা একই পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি এবং খুব সহজেই তাতে জয়লাভ করছি।
ইরানকে সন্ত্রাসবাদের মদদদাতা আখ্যা দিয়ে চলমান যুদ্ধের পক্ষে সাফাই গান ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা এখনো সন্ত্রাসীদের তাদের সঠিক জায়গায় পাঠাচ্ছি। আর তেলের ট্যাংকারগুলোকে সাগরের তলদেশে পাঠাচ্ছি, যেখানে তাদের থাকা উচিত। আমরা নিশ্চিত করছি যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। অর্থনৈতিক চাপ প্রতিদিন বাড়ছে, হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা এই লড়াই শেষ করব।’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
.png)






