বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বরিশাল

সাংবাদিক পুলক চ্যাটার্জি। ছবি: সংগৃহীত
সাংবাদিক পুলক চ্যাটার্জি। ছবি: সংগৃহীত

বরিশাল নগরীতে দৈনিক সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার এসআই মেহেদি হাসান বলেন, সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সমকাল কার্যালয়ের একটি কক্ষে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় পুলক চ্যাটার্জিকে পাওয়া যায়।

পুলক চ্যাটার্জি সমকালের ব্যুরো প্রধান ছিলেন। ২০২৩ সালে তাকে অব্যাহতি দেওয়া হয় বলে তার পরিবার জানিয়েছে। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। পুলক চ্যাটার্জি বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

সমকালের বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্বে থাকা সুমন চৌধুরী গনমাধ‌্যমকে বলেন, সন্ধ্যার দিকে পুলক চ্যাটার্জির স্ত্রী ফোনে না পেয়ে আমাকে খুঁজে দেখতে বলেন। পরে সমকাল কার্যালয়ে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পাই। শুক্রবার হওয়ায় অফিস সহকারীও সেখানে ছিলেন না। পরে দরজার ফাঁক দিয়ে পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ দেখতে পাই। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই।

তিনি আরও বলেন, কার্যালয়ের একটি বিকল্প চাবি পুলক চ্যাটার্জির কাছে ছিল। তিনি মাঝেমধ্যে অফিসে এসে বসতেন।

পুলক চ্যাটার্জির ভাই দীপক চ্যাটার্জি বলেন, চাকরি না থাকায় তার ভাই কিছুটা হতাশ ছিলেন। তবে সেই হতাশার সঙ্গে তার মৃত্যুর সরাসরি সম্পর্ক ছিল কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পুলকের স্ত্রী নিলোৎপলা মুখার্জি বলেন, চাকরি হারানোর পর থেকে তার স্বামী হতাশ ছিলেন। তিনি এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন, তা পরিবারের কেউ ভাবেনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত