
কিশোরগঞ্জের অষ্টগ্রামে পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান (৫৬) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনার বাসিন্দা। আহতরা হলেন, গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর মকবুল হোসেন কাজল, ইকবাল হোসেন, মহসীন রেজা সরকার ও অজ্ঞাতপরিচয়ের এক আইনজীবী।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম বলেন, সকালে ৯ আইনজীবী গাজীপুর থেকে কিশোরগঞ্জের হাওর এলাকায় ভ্রমণে আসেন। বিকেলে মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে অটোরিকশায় যাওয়ার সময় পর্যটকবাহী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান। গুরুতর আহত মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.png)






