আদানির কেন্দ্রে ত্রুটি, সরবরাহ হ্রাসে লোডশেডিং বৃদ্ধির শঙ্কা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ হ্রাসে লোডশেডিংয়ে চাপ বেড়েছে। ছবি: সংগৃহীত
আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ হ্রাসে লোডশেডিংয়ে চাপ বেড়েছে। ছবি: সংগৃহীত

আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে ত্রুটি দেখা দিয়েছে। এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ ৮০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে। ফলে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের একটি দুদিন ধরে বন্ধ। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বর মধ্যরাতের দিকে একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে ১০ সেপ্টেম্বর থেকে সেখান থেকে বিদ্যুতের সরবরাহ কমে আসে। এই চাপ সামাল দিতে লোডশেডিং বেড়ে যায়।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) সূত্র জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) একপর্যায়ে লোডশেডিং বেড়ে দাঁড়ায় ২ হাজার ৯৮১ মেগাওয়াট। এর আগে বৃহস্পতিবার তা সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়েছিল।

সংশ্লিষ্টদের ভাষ্যে, সরকারি ছুটির দিন থাকায় শুক্রবার অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বিদ্যুতের চাহিদা কমায় এই সময় লোডশেডিংয়ের চাপ কিছুটা কম অনুভূত হয়েছে। কিন্তু আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে সব চালু হলে চাহিদা বেড়ে এই চাপ মারাত্মক আকার হতে পারে।

গত দুই মাসের বেশি দেশে গ্যাসের সংকট তীব্র তৈরি হয়েছে। দেশের কয়লা, গ্যাস ও তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোয় উৎপাদন বাড়ানোর মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

এরই মধ্যে আদানির কেন্দ্র থেকে সরবরাহ কমে আসায় বিদ্যুৎ খাত সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

পিজিসিবির পরিসংখ্যান অনুযায়ী, আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে পড়ায় বৃহস্পতিবার সারা দিন সরবরাহ ৬৯১ থেকে ৭৬৪ মেগাওয়াটের মধ্যে উঠানামা করে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এই সরবরাহ ছিল ৭১০ থেকে ৭৫৯ মেগাওয়াটের মধ্যে। যেখানে ইউনিটটি বন্ধের আগে বুধবার সারা দিন সরবরাহ করেছিল ৯০২ থেকে ১ হাজার ৪৩০ মেগাওয়াট।

ঝাড়খণ্ডের গোড্ডায় আদানির বিদ্যুৎ কেন্দ্রটির মোট সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। এর দুই ইউনিটের প্রতিটির সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট। গোড্ডার কেন্দ্রটি থেকে বিদ্যুৎ আমদানিতে ২০১৭ সালে ক্রয়চুক্তি করে পিডিবি।

সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আদানির বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে পড়া ইউনিট উৎপাদনে ফিরতে কয়েক দিন সময় লাগতে পারে। পিডিবির সদস্য (উৎপাদন) জহুরুল ইসলাম স্ট্রিমকে জানান, আদানির ইউনিট-২-এর প্রধান পানি সরবরাহ ব্যবস্থার ফিড ইউনিটে সমস্যা দেখা দেওয়ায় ১০ সেপ্টেম্বর রাত ১টার দিকে ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত