ডায়ানার ‘প্রতিশোধের পোশাক’ উঠছে নিলামে

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

১৯৯৪ সালে পরা প্রিন্সেস ডায়ানার এই কালো পোশাকের নাম দেওয়া হয়েছিলেন 'রিভেঞ্জ ড্রেস'। ছবি: সংগৃহীত
১৯৯৪ সালে পরা প্রিন্সেস ডায়ানার এই কালো পোশাকের নাম দেওয়া হয়েছিলেন 'রিভেঞ্জ ড্রেস'। ছবি: সংগৃহীত

নব্বই দশকে প্রিন্স চার্লস (বর্তমানে যুক্তরাজ্যের রাজা) এবং ডায়ানার দাম্পত্যের টানাপোড়েন বিশ্বমিডিয়ায় ব্যাপক শোরগোল তুলেছিল। সেসময় একটি টেলিভিশন চ্যানেলে প্রিন্স চার্লসের পরকীয়ায় জড়ানোর কথা স্বীকার করা একটি প্রামাণ্যচিত্র সম্প্রচারিত হয়েছিল। এর ঠিক কয়েক ঘণ্টা পর লন্ডনের একটি পার্টিতে স্বামীর কর্মকাণ্ডের কড়া জবাব নিয়ে হাজির হন তৎকালীন স্টাইল আইকন প্রিন্সেস ডায়ানা।

১৯৯৪ সালে দ্য সার্পেন্টাইন গ্যালারির সেই পার্টিতে গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের তৈরি একটি বিশেষ পোশাক পরে আসেন ডায়ানা। কালো সিল্কের সান্ধ্য পোশাকে তাঁর সেই চমকপ্রদ উপস্থিতি পপ-সংস্কৃতির ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত হয়ে আছে।

গণমাধ্যম ডায়ানার এই পোশাকটির নাম দিয়েছিল ‘রিভেঞ্জ ড্রেস’ বা প্রতিশোধের পোশাক। পোশাকটি শরীরের সঙ্গে একদম ফিট করা-আঁটসাঁট, কাঁধ-খোলা এবং হাঁটু পর্যন্ত লম্বা।

তবে ওই পার্টিতে ডায়ানার যাওয়ার কথা ছিল সাদা রঙের গাউন পরে। কিন্তু আমৃত্যু স্বাধীনচেতা ডায়ানা কালো রঙের কাঁধ খোলা শর্ট ড্রেসে একটি কঠিন বার্তা নিয়ে হাজির হয়েছিলেন।

পোশাকটির ডিজাইনার ক্রিস্টিনা ডায়ানার সেই সিদ্ধান্তকে দেখেন বিশেষ পরিস্থিতিতে ব্যক্তিত্বের প্রকাশ হিসেবে।

সেদিন প্রথমবারের মতো ডায়ানা লাল নেইলপলিশও পরেছিলেন। ছবি: সংগৃহীত
সেদিন প্রথমবারের মতো ডায়ানা লাল নেইলপলিশও পরেছিলেন। ছবি: সংগৃহীত

২০২২ সালে 'হারপার্স বাজার' পত্রিকাকে এই ডিজাইনার বলেন, ‘ডায়ানা সোয়ান লেক রূপকথার ওদেতের মতো সাদা পোশাকে নিজেকে অবলা-নিরীহ দেখাতে চাননি। তিনি যে বেশ ক্রুদ্ধ ছিলেন, তা তাঁর রূপেই প্রকাশ পাচ্ছিল। তিনি যেন কালো পোশাকের ব্ল্যাক সোয়ান ওদিল হয়ে আত্মপ্রকাশ করেছিলেন। উজ্জ্বল লাল রঙের নেলপলিশও পরেছিলেন, যা আগে কখনোই তাকে পরতে দেখা যায়নি। পোশাক আর সাজে যেন তিনি ‘বেপরোয়া’ হওয়ার স্পষ্ট বার্তা দিচ্ছিলেন।’

বিখ্যাত সেই প্রতিশোধের পোশাক ত্রিশ বছর পর এবার নিলামে উঠছে। আসছে ডিসেম্বরে এই পোশাকটি বিক্রির জন্য নিলামে তুলবে বিখ্যাত নিলামকারি প্রতিষ্ঠান সোথবি’স। প্রতিষ্ঠানটির প্রত্যাশা ডায়ানার স্মৃতিময় পোশাকটির সর্বোচ্চ দাম উঠতে পারে ৩ লাখ ডলার বা বাংলাদেশি টাকায় ৩ কোটি ৭০ লাখ টাকা।

ডিসেম্বরে ডায়ানার সেই পোশাক উঠছে নিলামে। ছবি: সংগৃহীত
ডিসেম্বরে ডায়ানার সেই পোশাক উঠছে নিলামে। ছবি: সংগৃহীত

সোথবির হ্যান্ডব্যাগ অ্যান্ড ফ্যাশনের বৈশ্বিক প্রধান মর্গান হালিমি বলেন, ‘তখন তাঁর নিজের জীবনের অন্যতম কঠিন সময় চলছিল। সঙ্গে ছিল সংবাদমাধ্যমের কড়া নজরদারি। এরকম মুহূর্তে প্রিন্সেস ডায়ানা সম্পূর্ণ নিজের ব্যক্তিত্বের মাধ্যমে পোশাকটিকে জীবনের সবচেয়ে শক্তিশালী এক বার্তায় রূপান্তর করেছিলেন।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত