আ.লীগের ঝটিকা মিছিলের দায় জামায়াতকে দিলেন রাশেদ
স্ট্রিম সংবাদদাতাঝিনাইদহ

জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগ করেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের। তিনি বলেন, ১৯৯৬ সালেও আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াত আন্দোলন করেছিল বিএনপি সরকারের বিরুদ্ধে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাশেদ খাঁন।
তিনি বলেন, ‘জামায়াত নেতারা বলছেন— আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। কিন্তু আমরা বলতে চাই, দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জানান, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী এসব আন্দোলনে জীবন দিয়েছেন। তাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে চায় বিএনপি। অন্যদিকে, জামায়াত ও এনসিপি ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন রাশেদ খাঁন। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা প্রমুখ অংশ নেন।






