
দেশে-বিদেশে যেখানেই হামলা হোক না কেন, তার বিচার হতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ইতালিতে জুলাই গণঅভ্যুত্থানের নারীযোদ্ধা ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, এই ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; বরং গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবিক মর্যাদার ওপর আঘাত। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রের মৌলিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ, দমন-পীড়ন ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কোনো আপস হতে পারে না।
তিনি জানান, ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ইতোমধ্যেই আহ্বান জানানো হয়েছে, যাতে হামলার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।
তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্য যেসব মানুষ সাহসিকতার সঙ্গে লড়েছেন, তাদের ওপর হামলা মেনে নেওয়া হবে না। অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে সবার অবস্থান সুস্পষ্ট হতে হবে।









