
সংসদে কার্যকর পদক্ষেপ নিতে না পারায় বাধ্য হয়েই ছয় দফা দাবিতে লংমার্চ করছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘সংসদে দেশের বর্তমান সংকট সমাধানে বিশেষজ্ঞদের সমন্বয়ে টিম গঠন করে সরকারকে সহযোগিতার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি। সংসদে আমরা কিছু করতে পারছি না বলেই বাধ্য হয়ে ছয় দাবি নিয়ে রাজপথে নামতে হয়েছে এবং লংমার্চ করছি।’
শিল্প খাতের বিপর্যয় নিয়ে উদ্বেগ জানিয়ে শফিকুর রহমান বলেন, দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্প বর্তমানে মারাত্মক সংকটে রয়েছে। চাহিদামতো বিদ্যুৎ ও গ্যাস না পাওয়ায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে এসব তথ্য তুলে ধরেছেন।
তিনি আরও বলেন, ‘জ্বালানি সংকটের বিষয়টি সরকার শুরুতে অস্বীকার করেছিল। সরকারের উচিত ছিল নির্ধারিত সময়ের মধ্যেই জ্বালানি ও বিদ্যুতের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা। আমরা বারবার সরকারকে সহযোগিতা করার চেষ্টা করেছি, কিন্তু সাড়া পাইনি।’
রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতির বিষয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা রাষ্ট্র সংস্কারের পক্ষে। সরকার ক্ষমতা গ্রহণের পর জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।’
তিনি জানান, দেশের অর্থনীতি ও শিল্প খাতকে রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই তাঁদের এই আন্দোলনের মূল লক্ষ্য।
পরে জামায়াত আমির বগুড়ায় আয়োজিত দলের রুকন সম্মেলনে অংশ নেন।
.png)





-d7a3e3-256x144.webp)
