কাশ্মীরে পাহাড় থেকে ছিটকে নিচে বাস, নিহত ২১

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ২১: ২২
চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তা থেকে ছিটকে পাহাড়ি ঢালের নিচে পড়ে যায়। ছবি: সংগৃহীত
চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তা থেকে ছিটকে পাহাড়ি ঢালের নিচে পড়ে যায়। ছবি: সংগৃহীত

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের উধমপুরে বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) বিকেলে রামনাগর-উধমপুর সড়কের খাগোট গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বাসটি রামনাগর থেকে উধমপুরের দিকে যাচ্ছিল। খাগোট গ্রামের কাছে বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তা থেকে ছিটকে পাহাড়ি ঢালের নিচে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ৬১ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে সরকারি মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। এরপর ভারতীয় সেনাবাহিনী, রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান জোরদার করে।

ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও তাঁর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা, গুরুতর আহতদের ১ লাখ টাকা এবং আহতদের ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

তথ্যসূত্র: দ্য স্টেটসম্যান

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত