অতিরিক্ত ১১৭৪ টন স্ল্যাগ আনার চেষ্টা বসুন্ধরা কনস্ট্রাকশনের, বন্দরে ধরা
স্ট্রিম প্রতিবেদকঢাকা

মোংলা বন্দর দিয়ে ঘোষিত পরিমাণের চেয়ে ১ হাজার ১৭৪ দশমিক ৭২৪ টন বেশি নির্মাণ সংশ্লিষ্ট স্ল্যাগ আমদানির প্রমাণ পেয়েছে কাস্টমস কর্মকর্তারা। এর মাধ্যমে আমদানিকারক বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ৩৪ লাখ ২১ হাজার ৯৭১ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশনের আমদানি করা স্ল্যাগবাহী বিদেশি জাহাজ এমভি আনাসা গত ১ সেপ্টেম্বর মোংলা বন্দরে নোঙর করে। জাহাজের ‘বিল অব লেডিং’ অনুযায়ী পণ্যের ঘোষিত পরিমাণ ছিল ২৪ হাজার টন।
তবে কাস্টমস কর্মকর্তারা শিপিং এজেন্ট ও সার্ভে ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে প্রাথমিক ‘লাইট লোড সার্ভে’র সময় প্রায় ২৫ হাজার ৪৬৪ দশমিক ৬৮২ টন পণ্য থাকার প্রমাণ পান।
পরে আমদানিকারক ও জাহাজ সংশ্লিষ্টরা আপত্তি জানালে কাস্টমসের উদ্যোগে যৌথ সার্ভে করা হয়। এতেও জাহাজটিতে ২৫ হাজার ১৭৪ দশমিক ৭২৪ টন স্ল্যাগ থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এই স্ল্যাগ নথিপত্রে ঘোষিত পরিমাণের চেয়ে ১ হাজার ১৭৪ দশমিক ৭২৪ টন বেশি।
কাস্টমসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই অতিরিক্ত পণ্যের বিপরীতে সরকারের প্রায় ৩৪ লাখ ২১ হাজার ৯৭১ টাকা রাজস্ব ফাঁকির আশঙ্কা ছিল।
এনবিআর জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যভিত্তিক বিশ্লেষণ, সতর্কতা এবং পণ্যের প্রকৃত পরিমাণ যাচাইয়ের বিশেষ সক্ষমতার কারণেই ঘোষণার সঙ্গে বাস্তব কার্গোর এই অসংগতি শনাক্ত করা সম্ভব হয়েছে।
.png)






