‌‌

সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০% কমল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ০৭
দেশের বাজারে সুগন্ধি চালের সরবরাহ স্বাভাবিক ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে চায় সরকার। ছবি: সংগৃহীত
দেশের বাজারে সুগন্ধি চালের সরবরাহ স্বাভাবিক ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে চায় সরকার। ছবি: সংগৃহীত

সুগন্ধি চাল রপ্তানির পরিমাণে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার। দেশের বাজারে সুগন্ধি চালের সরবরাহ স্বাভাবিক রাখা ও সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে দুই দফায় ২৭৮টি প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৪৫ হাজার ২৭০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমোদন দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। নতুন বরাদ্দে এই পরিমাণ কমে দাঁড়াবে ২২ হাজার ৬৩৫ টন। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

দেশের বাজারে সুগন্ধি চালের দাম ও চাহিদা বাড়ার প্রেক্ষাপটে গত মাসে রপ্তানি কোটা পুনর্বিবেচনার উদ্যোগ নেয় সরকার। সে সময় রপ্তানির অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো বাস্তবে কী পরিমাণ চাল রপ্তানি করেছে, সেই তথ্য জমা দিতে বলা হয়। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত ১২৯টি প্রতিষ্ঠান ৩০ আগস্ট পর্যন্ত সুগন্ধি চাল রপ্তানি করেছে ২ হাজার ৪১৯ টন।

বৈদেশিক মুদ্রা অর্জনে রপ্তানি অন্যতম শীর্ষ খাত হলেও অভ্যন্তরীণ বাজারে খাদ্যপণ্য সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। সেই বিবেচনা থেকেই সুগন্ধি চাল রপ্তানিতে কোটা কমানো হচ্ছে।

পাশাপাশি রপ্তানি মূল্য, নথিপত্র ও বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসনের ক্ষেত্রে ১০টি শর্ত আরোপ করা হয়েছে। এর অন্যতম হলো, প্রতি কেজি সুগন্ধি চালের সর্বনিম্ন রপ্তানিমূল্য ১ ডলার ৬০ সেন্ট হতে হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত