ক্যাশলেস লেনদেনে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২১
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি

নগদ লেনদেনে দুর্নীতির সুযোগ বাড়ে উল্লেখ করে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরাটনে ‘লঞ্চিং অব ডায়নামিক বাংলা কিউআর ফর ইউনিভার্সাল পেনশন স্কিম’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, নগদ লেনদেন বাড়লে দুর্নীতির সুযোগ বাড়ে। অর্থনীতিতে স্বচ্ছতা নিশ্চিত, কর আদায় সহজ এবং ব্যবসার পরিচালন ব্যয় কমাতে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন বাড়ানো জরুরি।

ডিজিটালাইজেশনের গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারেও ডিজিটাল অর্থনীতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল পেমেন্ট বাড়ানো গেলে প্রতিটি অর্থনৈতিক কর্মকাণ্ডের রেকর্ড সংরক্ষিত থাকবে। এর ফলে লেনদেন অনুসরণ, কর আহরণ এবং জাতীয় নীতিনির্ধারণে এটি কার্যকর ভূমিকা রাখবে।

এ সময় তিনি বাংলা কিউআরের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করতে দেশের সব ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মধ্যে পারস্পরিক আন্তঃসংযোগ বা ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করার তাগিদ দেন।

করদাতাদের ভোগান্তি প্রসঙ্গে আমির খসরু বলেন, কার্যকর ‘ট্রেস অ্যান্ড ট্র্যাক’ ব্যবস্থা চালু হলে কর প্রশাসনে স্বচ্ছতা আসবে। পাশাপাশি ব্যবসায়ী ও করদাতাদের ওপর অযৌক্তিক চাপ কমবে। এ ক্ষেত্রে কিউআরে ডিজিটাল লেনদেন বড় ভূমিকা রাখতে পারে। এর ফলে সরকারি ও আর্থিক সেবা নিতে সাধারণ মানুষকে আর সরকারি কার্যালয়ে যেতে হবে না, ঘরে বসেই অধিকাংশ সেবা পাওয়া সম্ভব হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, বন্দর থেকে বিমানবন্দর পর্যন্ত অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে স্বয়ংক্রিয়তা ও ডিজিটাল প্রযুক্তি বাড়ানো গেলে ব্যবসার খরচ কমবে। একই সঙ্গে দেশীয় ও বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। এ ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যবসা ও অর্থনীতির সকল স্তরে এআই ব্যবহারের সক্ষমতা অর্জন করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত