বাংলা রকে দুই দশকের অবদান, নাফীজ আল আমীন পেলেন ফোবানার ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
স্ট্রিম ডেস্ক

বাংলা রক সংগীতে অবদানের জন্য ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন সংগীতশিল্পী নাফীজ আল আমীন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিত ৪০তম ফোবানা কনভেনশনে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
ড্রামার, গায়ক, গীতিকার ও সুরকার হিসেবে দুই দশকের বেশি সময় ধরে বাংলা রকের সঙ্গে যুক্ত নাফীজ। সংগীতে তাঁর যাত্রা শুরু আন্ডারগ্রাউন্ড মিউজিক সিন থেকে উঠে আসা অল্টারনেটিভ মেটাল ব্যান্ড ‘ক্রনিক’ দিয়ে। এই ব্যান্ডের একমাত্র স্টুডিও অ্যালবাম ‘আশ্রয়’ প্রকাশ পায় ২০০৫ সালে। এরপর পপ-রক ব্যান্ড ‘রাগা’-তে ড্রামার হিসেবে ‘সেলফ টাইটেল’ অ্যালবামে বাজিয়েছেন।
এরপর হার্ড রক ব্যান্ড ‘আরবোভাইরাস’-এর সঙ্গে যুক্ত হয়ে আরও বড় পরিসরে পরিচিতি পান। আরবোভাইরাসের সঙ্গে নাফীজের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ২০১৩ সালের ‘মন্তব্য নিষ্প্রয়োজন’ এবং ২০১৯ সালের ইপি ‘অতঃপর’।
‘বেশি জোস’
বাংলাদেশের রক সংগীতের বাইরে আন্তর্জাতিক অঙ্গনেও নাফীজের কাজের স্বীকৃতি রয়েছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক ড্রাম ও পারকাশন কোম্পানি সোলটোন সিম্বলসের ফিচার্ড আর্টিস্ট হিসেবে যুক্ত হন তিনি। তখন নাফীজ বলেছিলেন, কোনো আন্তর্জাতিক কোম্পানির কাছ থেকে একজন বাংলাদেশি ড্রামারের এমন এনডোর্সমেন্ট পাওয়ার ঘটনা এটাই প্রথম।

ড্রাম বাজানোর পাশাপাশি বাদ্যযন্ত্র নির্মাণেও আলাদা পরিচয় তৈরি করেছেন নাফীজ। ২০১৫ সালে নিজের স্নেয়ার চুরি যাওয়ার পর নিজেই স্নেয়ার বানানোর চেষ্টা শুরু করেন। সেই উদ্যোগ থেকেই পরে গড়ে ওঠে ‘বেশি জোস ড্রামস’, যা ধীরে ধীরে ‘বেশি জোস কাস্টমস’-এ রূপ নেয়। ড্রামের পাশাপাশি প্রতিষ্ঠানটি পরে কাহন, কাস্টম ইলেকট্রিক ও অ্যাকুস্টিক গিটারও তৈরি শুরু করে। ২০১৮ সালে বাংলাদেশ ড্রাম ডে আয়োজনের অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। সে সময় তাঁর ‘বেশি জোস ড্রামস’ উদ্যোগের কথাও উঠে আসে।
২০২৬ সালে একক সংগীতেও সক্রিয়
এ বছর একক সংগীতেও নতুন করে সক্রিয় হয়েছেন নাফীজ। মে মাসে প্রকাশিত হয়েছে তাঁর চার গানের ইপি ‘বেশি জোস’। পুরো প্রকল্পটির রেকর্ডিং করা হয়েছে তাঁর হোম স্টুডিওতে। ইপির কয়েকটি গানের ভাবনা অবশ্য এক দশকেরও বেশি পুরোনো, কিছু কম্পোজিশন ২০০৪ সাল থেকেই তাঁর কাছে ছিল। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের কয়েকজন সংগীতশিল্পী অংশ নিয়েছেন।
এরপর জুলাইয়ে প্রকাশ করেন ‘বাংলাদেশ ২.০’ শিরোনামের সিঙ্গেল। একই সময়ে উত্তর আমেরিকাতেও নিয়মিত পারফর্ম করছেন তিনি। গত কয়েক বছরে সেখানে তিনি বালাম, হাবিব ওয়াহিদ ও প্রয়াত শাফিন আহমেদের মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। সামনে এবি কিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে ট্যুর করারও কথা রয়েছে।
ফোবানার ৪০তম সম্মেলনে ড্রামার, গায়ক, গীতিকার ও সুরকার হিসেবে স্বীকৃতি পাওয়াকে তিনি অত্যন্ত সম্মানের বলে উল্লেখ করেন। তাঁর ভাষায়, এই পুরস্কার তাঁর দীর্ঘ সংগীতযাত্রার সঙ্গে যুক্ত সবাইকে নিয়ে একটি সম্মিলিত অর্জন।
অরল্যান্ডোতে অনুষ্ঠিত উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ‘ফোবানা’র এবারের সম্মেলনে বাংলাদেশি প্রবাসী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরা অংশ নেন। সেই আয়োজনে বাংলা রকে দীর্ঘদিনের অবদানের জন্য নাফীজ আল আমীনের এই স্বীকৃতি দেওয়া হয়।
.png)







