খালেদা জিয়ার প্রাথমিক গন্তব্য হতে পারে সংযুক্ত আরব আমিরাত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

খালেদা জিয়া। ছবি: তারেক রহমানের ফেসবুক থেকে নেওয়া
খালেদা জিয়া। ছবি: তারেক রহমানের ফেসবুক থেকে নেওয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনায় নতুন অগ্রগতি হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর বর্তমান শারীরিক অবস্থায় দীর্ঘ দূরত্বের ফ্লাইট ঝুঁকিপূর্ণ। তাই প্রাথমিক গন্তব্য হিসেবে বিবেচনায় এসেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিএনপির উচ্চ পর্যায়ের সূত্র এবং খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত সূত্র এ তথ্য জানিয়েছে।

আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক রাষ্ট্রমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি গতকাল ঢাকা ও সংশ্লিষ্ট মহলে একটি প্রস্তাব পাঠান। তিনি জানান, মাত্র চার ঘণ্টার ফ্লাইটে বেগম খালেদা জিয়াকে আবুধাবিতে নেওয়া সম্ভব—যা তার বর্তমান শারীরিক অবস্থার জন্য তুলনামূলক নিরাপদ।

আবুধাবিতে ‘ক্লেভেল্যান্ড ক্লিনিক’ নামের বিশ্বখ্যাত সুপার স্পেশালাইজড হাসপাতাল আছে। সেখানে খালেদা জিয়াকে বিশ্রামে রেখে এরপর প্রয়োজনে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার সুযোগ থাকবে বলেও জানায় সূত্রটি।

বিশেষ বিমানের প্রস্তুতি

এই মেডিক্যাল ইভাকুয়েশনের জন্য আরব-আমিরাতের সরকার তাদের বৃহদাকারের বোয়িং ৭৪৭ বা সমমানের রাজকীয় বিমান পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে। এ ধরনের বিমানে ইন-ফ্লাইট আইসিইউ, লাইফ সাপোর্টসহ উন্নত চিকিৎসা সুবিধা রাখা যায়—যা গুরুতর রোগী পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক উন্নতি ও তাঁর চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল বোর্ডের পরামর্শের ওপর।

চিকিৎসক দলের সদস্যরা জানিয়েছেন, গতকাল তাঁর জ্ঞান ফেরে এবং তিনি উপস্থিত চিকিৎসকদের সঙ্গে মৃদুভাবে কথা বলতে সক্ষম হন। এটিকে চিকিৎসকরা ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার, পরিবার, আন্তর্জাতিক অংশীদার ও চিকিৎসক দলের মধ্যে সমন্বিত আলোচনাও চলছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত