ভোটারদের হুমকি-মারধরের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত
স্ট্রিম সংবাদদাতাসিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগে দলীয় দুই নেতার সব পদ স্থগিত করেছে জেলা বিএনপি।
সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পদ স্থগিত হওয়া নেতারা হলেন, বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল ও জাতীয়তাবাদী সাইবার দলের বেলকুচি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল।
তানভীর মাহমুদ পলাশ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ ভোটারদের হুমকি-ধমকি, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারধরে জড়িত থাকার দায়ে মামলা হওয়ায় বিএনপির দুই নেতার দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে জানিয়েছেন তিনি।







