সাভারে র‍্যাব পরিচয়ে কর্মচারীকে পিটিয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই, মামলা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৩
ছিনতাই। প্রতীকী ছবি
ছিনতাই। প্রতীকী ছবি

ঢাকার সাভারে র‍্যাবের পরিচয়ে এক ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারীকে মারধর করে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে সাভার মডেল থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. রেজাউল করিম। এতে অজ্ঞাতনামা চারজনকে আসামি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের পাশাপাশি ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী ব্যবসায়ী রেজাউল করিম সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি উত্তরপাড়া এলাকায় ‘আর কে এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি জানান, ব্যবসায়িক প্রয়োজনে গত বৃহস্পতিবার সকালে তাঁর প্রতিষ্ঠানের কর্মচারী মো. ইসরাফিল হক (৩৮) হেমায়েতপুরের আইএফআইসি ব্যাংকের শাখা থেকে ২৬ লাখ টাকা তোলেন। পরে টাকার ব্যাগটি নিয়ে তিনি হেঁটে ঢাকা-আরিচা মহাসড়ক পার হচ্ছিলেন।

এজাহারে উল্লেখ করা হয়, কর্মচারী ইসরাফিল মহাসড়কের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে যাওয়ার সময় একটি প্রাইভেট কার এসে তাঁর গতিরোধ করে। গাড়ি থেকে চালকসহ চারজন নেমে নিজেদের র‍্যাব সদস্য বলে পরিচয় দেন। একপর্যায়ে তারা ওই কর্মচারী ঘিরে ধরে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তারা লোহার রড দিয়ে মারধর করেন। এতে ইসরাফিল আহত হয়ে সড়কে পড়ে যান। পরে তার কাছে থাকা ২৬ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে প্রাইভেট কারে চলে যায় ওই ব্যক্তিরা।

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত