পুলক চ্যাটার্জিকে সহকর্মী-স্বজনদের শেষ বিদায়
স্ট্রিম সংবাদদাতাবরিশাল

বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে নগরীর কাউনিয়া মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এর আগে সকাল ১১টার দিকে মরদেহ নেওয়া হয় বরিশাল প্রেসক্লাবে। সেখানে দীর্ঘদিনের সহকর্মীকে শেষবারের মতো দেখতে প্রেসক্লাবে জড়ো হন সাংবাদিকরা।
বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ জ্যেষ্ঠ সাংবাদিকেরা পুলক চ্যাটার্জির মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আকতার জাহান শিরীন।
জাকির হোসেন বলেন, পুলক চ্যাটার্জি ছিলেন সজ্জন মানুষ। প্রায় তিন বছর আগে দৈনিক সমকাল থেকে চাকরি হারানোর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
বিলকিস আকতার জাহান শিরীন বলেন, ছাত্ররাজনীতির সময় থেকেই পুলক চ্যাটার্জিকে তিনি চেনেন। তিনি সৎ, নিষ্ঠাবান ও কর্মপরায়ণ সাংবাদিক ছিলেন। তাঁর ভেতরে এতটা চাপা কষ্ট ছিল, তা তাঁরা বুঝতে পারেননি।
শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরের পেয়ারা রোডে দৈনিক সমকালের ব্যুরো কার্যালয় থেকে পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর মরদেহের সঙ্গে পাঁচটি চিরকুট পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব চিরকুটে পুলক তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করেছেন। তাঁর শারীরিক অসুস্থতা ও চিকিৎসার বিষয়েও সেখানে লেখা রয়েছে।
পুলক চ্যাটার্জি দীর্ঘদিন দৈনিক সমকাল ও দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলক চ্যাটার্জি স্ত্রী ও এক কন্যা রয়েছে।
দুপুরে কাউনিয়া মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে শেষ হলো একজন সাংবাদিকের দীর্ঘ কর্মময় জীবনের অধ্যায়।
.png)






