পঞ্চগড়ে সোলার প্রকল্পে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
পঞ্চগড়

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ১২
 পঞ্চগড়ে সোলার প্রজেক্ট এলাকা বিদেশি প্রতিনিধি দল নিয়ে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। স্ট্রিম ছবি
পঞ্চগড়ে সোলার প্রজেক্ট এলাকা বিদেশি প্রতিনিধি দল নিয়ে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। স্ট্রিম ছবি

পঞ্চগড়ে সরকারি উদ্যোগে সোলার প্রজেক্ট স্থাপনের মাধ্যমে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে চীন, সিঙ্গাপুর ও দুবাইয়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রকল্প এলাকা পরিদর্শনের সময় তিনি এই কথা জানান।

পঞ্চগড়-২ (দেবীগঞ্জ ও বোদা) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘এই অঞ্চলের জন্য সোলার প্রজেক্ট অত্যন্ত উপযোগী। খুব দ্রুত এই সোলার প্রজেক্টগুলোর নির্মাণকাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।’ এতে গ্রামীণ জনপদের বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় বেকারত্ব কমানো ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পানি সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। যার কারণে গ্রামের সাধারণ মানুষ এখন ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না।’

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুব হোসেন বলেন, ‘এক সময় তেল-গ্যাস ফুরিয়ে যাবে। সোলারের মাধ্যমে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করি, দেশে বিদ্যুতের ঘাটতি পূরণ হবে। এখন পাঁচ পার্সেন্ট পূরণ হচ্ছে। আশা করি যে খুব তাড়াতাড়ি আমরা ৪০ পার্সেন্ট এ উন্নীত করতে পারব। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো এগিয়ে রয়েছে সোলারের মাধ্যমে।’

অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে চায়না ব্যবসায়িক প্রতিনিধি জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং জানান, জমি প্রাকৃতিকভাবে ভালো ও বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। তারা নিজ দেশে ফিরে বোর্ড সভায় বিষয়টি আলোচনা করে বিনিয়োগের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

প্রতিমন্ত্রী প্রকল্প এলাকা পরিদর্শনের সময় বিদেশি প্রতিনিধি দল ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত