জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

Multiple Authors
স্ট্রিম প্রতিবেদক ও স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে নতুন সরকারের মন্ত্রিসভার অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রথমে ব্যক্তিগতভাবে ও পরে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর নতুন প্রধানমন্ত্রী সেখানকার পরিদর্শন বইয়ে সইয়ের পাশাপাশি বৃক্ষরোপণ করেন।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর বৃক্ষরোপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর বৃক্ষরোপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের আগমন ঘিরে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মহাসড়কে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া হয়। এছাড়া পুরো স্মৃতিসৌধ এলাকা আনা হয় সিসিটিভি ক্যামেরার আওতায়।

এর আগে সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। স্মৃতিসৌধ থেকে তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সচিবালয়ে গিয়ে প্রথম অফিস করবেন। সেখানে প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর গতকাল মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে শপথ নেয় বিএনপি সরকার।

Ad 300x250

সম্পর্কিত