ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে যাচ্ছেন শহিদুল আলম
ইসরায়েলের কারাগারে আটক থাকা বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম মুক্ত হয়েছেন। মুক্তির পর তিনি তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন।
স্ট্রিম ডেস্কঢাকা

ইসরায়েলের কারাগারে আটক থাকা বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম মুক্ত হয়েছেন। মুক্তির পর তিনি তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ইসরায়েল থেকে একটি ফ্লাইটে তিনি যাত্রা করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিকালে এ তথ্য জানান।
তুরস্কের সূত্রের বরাত দিয়ে প্রেস সচিব জানান, টার্কিশ এয়ারলাইন্সের টিকে–৬৯২১ ফ্লাইটে থাকা শহিদুল আলম স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়ে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন, জানান প্রেস সচিব।
এর আগে ফিলিস্তিনের গাজায় রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়েছিলেন শহিদুল আলম। পরে ইসরায়েলি বাহিনী ওই বেসামরিক নৌ বহরে থাকা অন্যদের সঙ্গে শহিদুল আলমকেও আটক করে। তিনি গত কয়েকদিন ইসরায়েলের কারাগারে বন্দি ছিলেন।
.png)






