ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার লক্ষ্য, অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ০৪
ফ্যামিলি কার্ড। সংগৃহীত প্রতীকী ছবি
ফ্যামিলি কার্ড। সংগৃহীত প্রতীকী ছবি

বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কার্যক্রম বাস্তবায়নের রূপরেখা ও সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি ঠিক করতে অর্থমন্ত্রীকে সভাপতি করে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের আগেই এই কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির প্রজ্ঞাপনে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এই কমিটি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উপযুক্ত নকশা ও সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি ঠিক করবে। প্রথম পর্যায়ে দেশের আটটি বিভাগের একটি করে উপজেলায় ফ্যামিলি কার্ড চালুর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের আগে কার্ড বিতরণের লক্ষ্যে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে কমিটিকে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সুবিধাভোগীদের নির্ভুল তথ্যভান্ডার (ডেটাবেজ) তৈরির ওপর জোর দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। এ লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেজের মধ্যে আন্তসংযোগ স্থাপন করে ডিজিটাল ব্যবস্থাপনা তথ্যব্যবস্থা (এমআইএস) প্রণয়নের সুপারিশ করবে এই কমিটি।

অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন এই কমিটিতে সদস্য হিসেবে আছেন নারী ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, নারী ও শিশু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহ্‌দী আমিন ও উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এর বাইরে মন্ত্রিপরিষদ সচিব এবং নির্বাচন কমিশন, অর্থ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, স্থানীয় সরকার, পরিকল্পনা, সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবরাও (সিনিয়র সচিবসহ) এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। কাজের সুবিধার্থে কমিটি চাইলে নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো–অপ্ট) করতে পারবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত