জুনিয়র এশিয়া কাপ হকিতে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশি যুবারা
স্পোর্টস ডেস্ক

জুনিয়র এশিয়া কাপ হকিতে পাকিস্তানের বিপক্ষে পুল-বি এ নিজেদের শেষ ম্যাচে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশের যুবারা।
বুধবার (৯ সেপ্টেম্বর) চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই আধিপত্য রেখে খেলে পাকিস্তান। ম্যাচের ৯ মিনিটে ফিল্ড গোলে পাকিস্তানকে ১-০ তে এগিয়ে দেন রানা ওয়াহিদ। এর ঠিক ৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
প্রথম কোয়ার্টারে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে দুই দলের কেউই গোল পায়নি।
চতুর্থ ও শেষ কোয়ার্টারে পাকিস্তানের হয়ে ৩য় গোল করেন গোলাম মোস্তাফা। বাংলাদেশ আর কোনো গোল না পাওয়ায় ৩-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
জুনিয়র এশিয়া কাপে নিজেদের পুলে এক জয় ও তিন পরাজয়ের নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ।
বাংলাদেশ ১১ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। ম্যাচে জিতলে সুযোগ থাকবে ৫ম স্থান নির্ধারণী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করার, হারলে ৭ম স্থান। এর আগের আসরে বাংলাদেশ ৫ম হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল।
টুর্নামেন্টে গতকাল বাংলাদেশ জয় পায় কাজাখস্তানের বিপক্ষে ৪-২ গোলে। অপর দুই ম্যাচে চীনের বিপক্ষে ২-৩ ও মালয়েশিয়ার বিপক্ষে ২-৪ গোলে হারে বাংলাদেশ।
.png)






