জুনিয়র এশিয়া কাপ হকিতে হংকংকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

হংকং চায়নাকে ৬-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। ছবি: সংগৃহীত
হংকং চায়নাকে ৬-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। ছবি: সংগৃহীত

জুনিয়র এশিয়া কাপ হকিতে হংকং চায়নাকে ৬-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। এই জয়ে টুর্নামেন্টের চ্যালেঞ্জার পুলে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই আধিপত্যের সঙ্গে খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক সারিকা রিমন। প্রথম কোয়ার্টারে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই, ম্যাচের ১৯ মিনিটে ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন রিয়া আইরিন। ৭ মিনিট পর কনা আক্তারের গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। দ্বিতীয় কোয়ার্টার শেষে এই ব্যবধানই ছিল।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই, ৩১ মিনিটে গোল করে ব্যবধান ৪-০ করেন লিমা। এর দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে ৫-০ ব্যবধানে এগিয়ে নেন রিয়া আইরিন।

চতুর্থ কোয়ার্টারে ম্যাচের ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লিমা। তাতে বাংলাদেশের জয় নিশ্চিত হয় ৬-০ ব্যবধানে। শেষ কোয়ার্টারে আর কোনো গোল না হলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

ম্যাচে বাংলাদেশ ৯টি পেনাল্টি কর্নার পেলেও সেখান থেকে মাত্র একটি গোল করতে পেরেছে। এই জয়ে কোয়ার্টার ফাইনাল-৩-এ উঠেছে বাংলাদেশ। আগামী ১০ সেপ্টেম্বর এলিট পুলে তৃতীয় হওয়া দলের বিপক্ষে খেলবে তারা।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশের অধিনায়ক সারিকা রিমন।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে এবং তৃতীয় ম্যাচে কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া অথবা জাপান।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত