নারী হকি ও কাবাডি দলকে সংবর্ধনা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

অনুষ্ঠানে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির বাংলাদেশ নারী ও পুরুষ দলের অফিশিয়াল জার্সি উন্মোচন হয়। ছবি: সংগৃহীত

জাকার্তা ও সানিয়ায় পদকজয়ী নারী হকি ও কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে সরকার। শনিবার (২৩ মে) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিমানবাহিনীর ফ্যালকন হলে খেলোয়াড়দের হাতে অর্ধকোটি টাকার পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে জাপানে হতে যাওয়া অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির বাংলাদেশ নারী ও পুরুষ দলের অফিসিয়াল জার্সি উন্মোচন হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাইমা রহমান, বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তায় ‘উইমেন্স এশিয়ান গেমস কোয়ালিফাইং টুর্নামেন্ট ২০২৬’-এ জাতীয় নারী হকি দল রৌপ্যপদক অর্জন করে। অন্যদিকে, চীনের সানিয়ায় ষষ্ঠ এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জপদক পেয়ে ইতিহাস গড়ে জাতীয় নারী কাবাডি দল। এর মাধ্যমে দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিচ গেমসের পদক পুনরুদ্ধার করে লাল-সবুজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে ক্রীড়াবিদদের মানোন্নয়নে সরকারের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী জানান, সরকার ক্রীড়া কার্ড ও ভাতা দেবে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ পুনরায় চালু, ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক করাসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

হকি ফেডারেশনের সভাপতি খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে শৃঙ্খলা বজায় রেখে দেশের সুনাম বৃদ্ধিতে সেরাটা দেওয়ার পরামর্শ দেন।

সম্পর্কিত