চা-শ্রমিকের সন্তানকেও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখাবে রাষ্ট্র: জামায়াত আমির
স্ট্রিম সংবাদদাতামৌলভীবাজার

একজন চা-শ্রমিকের সন্তানও যেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে তার দায়িত্ব রাষ্ট্রকেও নিতে হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মৌলভীবাজার চায়ের রাজধানী। চা-শ্রমিকদের ভুলে গেলে তিনি নিজেকেই ভুলে যাবেন। তাঁদের সন্তানদের জন্য সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করা হবে।
মৌলভীবাজারের কুলাউড়ার নবীনচন্দ্র মাঠে জেলা জামায়াতের আয়োজনে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।
দেশের আইনব্যবস্থা নিয়ে সমালোচনা করে জামায়াতের আমির বলেন, বাংলাদেশের আইন সবার জন্য সমান নয়। যাদের প্রভাব ও অর্থ আছে, আইন তাদের পক্ষেই কথা বলে। এই বৈষম্যমূলক আইনব্যবস্থাকে পরিবর্তন করতে চান তাঁরা। এজন্য জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি দূর করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
সিলেটের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির প্রসঙ্গে টেনে শফিকুর রহমান বলেন, ‘জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সত্যিকারের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে। সিলেটের সঙ্গে ম্যানচেস্টারসহ বিশ্বের গুরুত্বপূর্ণ গন্তব্যে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে এবং কোনোভাবেই তা বন্ধ হতে দেওয়া হবে না। কেউ বন্ধ করলে আবার চালু করা হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘বিশ্ব যখন দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন আমরা পিছিয়ে পড়ছি। এই অবস্থা থেকে দেশকে বের করে আনতে হলে দূরদর্শী ও সৎ নেতৃত্ব প্রয়োজন। দুর্নীতি দূর হলেই দেশের উৎপাদনশীলতা বাড়বে, শিল্প ও অর্থনীতি নতুন গতিতে এগিয়ে যাবে।’
জনসভায় জামায়াত আমির মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে দল মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা আমির ও মৌলভীবাজার-২ আসনের প্রার্থী সায়েদ আলী।







