জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

তুচ্ছ কারণে প্রার্থিতা বাতিলের অভিযোগ জামায়াতের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১৮: ১৬
জামায়াতে ইসলামীর লোগো।

জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, বিশেষ মহলের ইন্ধনে বিভিন্ন জেলায় তুচ্ছ ও অহেতুক কারণে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে।

রোববার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব অভিযোগ করেন।

বিবৃতিতে বলা হয়, সারা দেশে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। তবে বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তাদের আচরণে ভিন্নতা দেখা যাচ্ছে। ব্যক্তিগত এখতিয়ারে ছাড় দেওয়ার সুযোগ থাকলেও অনেকে কঠোর নীতি অবলম্বন করছেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে অহেতুক যোগ্য প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার পরও উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করা হয়। আইনের দৃষ্টিতে যা গুরুত্বহীন, তেমন বিষয়কেও বড় করে দেখা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের মনে হচ্ছে, কোনো একটি মহলের ইন্ধনে এসব করা হচ্ছে। এমন চলতে থাকলে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে দেশবাসীর মনে প্রশ্ন জাগছে।’

জামায়াত নেতা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) প্রতি আহ্বান জানান, তুচ্ছ ঘটনায় যেন প্রার্থিতা বাতিল না করা হয়। যাদের মনোনয়ন বাতিল হয়েছে, অবিলম্বে সেগুলো বৈধ ঘোষণার দাবি জানান তিনি। একই সঙ্গে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে ইসি ও রিটার্নিং কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়।

Ad 300x250

সম্পর্কিত