তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান, পুলিশের লাঠিপেটা, আটক ১৫

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

জানাজা শেষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অন্তত ১৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। স্ট্রিম ছবি

সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে লাঠিপেটা করেছে পুলিশ। সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এসময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অন্তত ১৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তোফায়েল আহমেদের প্রথম জানাজায় অংশ নিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সেখানে সমবেত হন। একপর্যায়ে উপস্থিত নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল শুরু করলে পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে অন্তত ১৫ জনকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে পুলিশ কাজ করছে। মরদেহবাহী গাড়ি যাতে যথাসময়ে কোনো বাধা ছাড়া যেতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, কেবল তাদেরই আটক করা হয়েছে।'

তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) বলেন, 'আটককৃতদের তথ্য যাচাই চলছে এবং গ্রেপ্তার প্রক্রিয়াধীন। তবে যদি আটককৃতদের মধ্যে সাধারণ কোনো ব্যক্তি থাকে, তাকে ছেড়ে দেওয়া হবে। নিরাপরাধ কাউকেই আটক বা গ্রেপ্তার করা হবে না।'

এর আগে সোমবার বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

সম্পর্কিত