নতুন রাজনৈতিক দল জেডিপি, নেতৃত্বে নাঈম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১৬: ২৫
জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মুখপাত্র নাঈম আহমাদ। ছবি: সংগৃহীত
জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মুখপাত্র নাঈম আহমাদ। ছবি: সংগৃহীত

জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির নেতৃত্বে রয়েছেন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ছেড়ে আসা নাঈম আহমাদ।

শনিবার (১৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নাম ঘোষণা করে নাঈম আহমাদ দলের লক্ষ্য, আদর্শ ও ১২ দফা তুলে ধরেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী শক্তিগুলোর পতন হওয়ায় দেশে এক বিশাল রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা পূরণে শক্তিশালী মূলধারার রাজনৈতিক শক্তির উত্থান এখন অনিবার্য। বিএনপি ও জামায়াতের বলয়ের বাইরে সাধারণ মানুষের মাঝে একটি বিকল্প রাজনৈতিক শক্তির তীব্র আকাঙ্ক্ষা বিরাজ করছে।

এর আগে আপ-বাংলাদেশ’ গঠন প্রক্রিয়ার সঙ্গে ছিলেন নাঈম আহমাদ। সম্প্রতি তিনি জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব থেকে গড়ে ওঠা প্ল্যাটফর্মের শীর্ষ নেতৃত্বে থেকে সরে দাঁড়ান।

এ ব্যাপারে শনিবার আপ-বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত স্ট্রিমকে বলেন, ‘নাঈম আহমাদ নতুন একটি দল গঠন করবেন। এই বিষয়ে আমাদের মধ্যে আগেই আলোচনা হয়েছিল। তবে সেখানে আপ-বাংলাদেশের শীর্ষ নেতাদের মধ্য থেকে অন্য কেউ যাচ্ছেন না।’

নাঈম আহমাদ জানান, তাদের রাজনৈতিক অবস্থান ‘মধ্যপন্থা থেকে মধ্য-ডানপন্থা’। দলের মূল লক্ষ্য– ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও স্থিতিশীল সুশাসনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়া।

তিনি সংবাদ সম্মেলনে দলের অগ্রাধিকারমূলক ১২ দফা কর্মসূচি ঘোষণা করেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো– ধর্মীয় মূল্যবোধের সুরক্ষা; জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন; বিনামূল্যে কর্মসংস্থানমুখী শিক্ষা ও সর্বজনীন চিকিৎসাসেবা; পাচারমুক্ত ও ন্যায্য অর্থনৈতিক ব্যবস্থা; প্রবাসীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা।

নাঈম আহমাদ বলেন, আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে ঘোষণাপত্র, গঠনতন্ত্র এবং কেন্দ্রীয় কমিটি ঘোষণার মাধ্যমে জেডিপি পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করবে। ততক্ষণ পর্যন্ত তিনিই দলের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন বলে জানান।

আ.লীগ ‘সন্ত্রাসী সংগঠন’, স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি

সংবাদ সম্মেলনে নাঈম আহমাদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যায়িত করে বলেন, জুলাই গণহত্যার সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের সুস্পষ্ট সম্পৃক্ততা ছিল। অবিলম্বে জাতীয় সংসদে বিল উত্থাপন করে আইনত আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। এছাড়া বিগত সরকার আমলে ‘শিবির’ ট্যাগ দিয়ে মানুষের ওপর যে জুলুম চালানো হয়েছিল, বর্তমানে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে একই ধরনের জুলুমের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যারা অপরাধের সঙ্গে যুক্ত নয়, তাদের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সংগঠক নজরুল ইসলাম, আহছান উল্লাহ, সাদমান আলম, নাকিবুর রহমান প্রমুখ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত