
স্বামীর শেষ বিদায়ে অংশ নিতে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাবেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার (১৯ আগস্ট) বিকেলে তার মুক্তির বিশয়টি নিশ্চিত হয়।
এর আগে প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তাঁকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার এদেশ দেওয়া হয়।
মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হবে।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, এদিন দুপুর ১২টার দিকে মেয়ে তানী দীপাবলি মায়ের সঙ্গে দেখা করতে কারাগারে যান। মায়ের সঙ্গে কথা বলে মেয়ে দীপাবলি কারাগার থেকে বের হওয়ার পরই দীপু মনিকে প্যারোলে ৪ দিনের মুক্তির জন্য আবেদন করা হয়।
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন দীপু মনি।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। তার বয়স হয়েছিল ৭৬ বছর। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।







