কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, রাস্তা ছেড়ে দিতে বললেন নেতাকর্মীদের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭: ১৩
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন তারেক রহমান। স্ট্রিম ছবি
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন তারেক রহমান। স্ট্রিম ছবি

প্রায় দেড় যুগ পর রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তার গাড়িবহর সেখানে পৌঁছায়।

এসময় নেতা-কর্মীদের জনসমাগম ঠেলে ভেতরে যেতে বেশ বেগ পেতে হয় তাঁকে। পৌঁছেই তিনি নেতাকর্মী ও উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। এ সময় তাকে স্বাগত জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির জেষ্ঠ্য নেতৃবৃন্দ।

উপস্থিত নেতাকর্মীরা তারেক রহমানের নামে নানা স্লোগান দিতে থাকলে তিনি মাইক্রোফোন হাতে নিয়ে এক মিনিট কথা বলার সময় চেয়ে বলেন, ‘আমরা যদি এই রাস্তা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হবে। যেহেতু আজকে আমাদের কোনো কর্মসূচি নেই, তাই যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করি রাস্তাটি খুলে দেওয়ার জন্য, যেন সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। ইনশাআল্লাহ কর্মসূচি যখন দেব, তখন আপনাদের সামনে বক্তব্য রাখব।’

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে নেতাকর্মীদের হাতে নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। স্ট্রিম ছবি
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে নেতাকর্মীদের হাতে নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। স্ট্রিম ছবি

তিনি আরও বলেন, ‘রাস্তায় যদি ময়লা থাকে সেটা আমরা সরিয়ে দেব। এভাবে আমরা ছোট ছোট ভালো কাজের মধ্য দিয়ে দেশটাকে গড়ে তুলব। আর এখন আমি অনুরোধ করব দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দিই।’

এসময় তিনি নেতাকর্মী ও উপস্থিত জনতার কাছে নিজের ও মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান তিনি।

এর আগে তারেক রহমানের আগমন উপলক্ষে আজ দুপুর থেকেই নয়াপল্টন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। বেলা সাড়ে ১২টা থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময় সীমিত পরিসরে বিএনপির জ্যেষ্ঠ নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।

এদিকে, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান স্ট্রিমকে জানান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় তারেক রহমানের জন্য একটি কক্ষ প্রস্তুত করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত