জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

নির্বাচন সুষ্ঠু, ফল যাই হোক মেনে নেবে জামায়াত: আমির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ৩৮
মিরপুরে সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান। স্ট্রিম ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বড় কোনো সমস্যা ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে। কেউ না মানলেও জামায়াত ফলাফল মেনে নেবে।

সন্ধ্যায় মিরপুরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাত ১১টায় সংবাদ সম্মেলনের ঘোষণাও দেওয়া হয়।

সারাদেশ থেকে ১১ দলের প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসছে জানিয়ে জামায়াত আমির বলেন, এখনই অগ্রিম কিছু বলা সমীচীন নয়। তবে প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছে তাতে একটা আভাস পাওয়া যাচ্ছে। যদিও এটাকে এখনই নিশ্চয়তা দেবার সুযোগ নেই, আরেকটু অপেক্ষা করতে হবে।

ফলাফলের এ ধারা অব্যাহত থাকবে আশা করে ফলাফল কেউ না মানলেও জামায়াত মেনে নেবে বলে জানান ডা. শফিকুর রহমান।

সবার সহযোগিতা নিয়ে দেশ চালাবেন জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা সরকার গঠনের সুযোগ পেলে সব দলের সাহায্য চাইব। একসঙ্গে কাজ করব। কোনো হিংসা করব না।’

তিনি আরও বলেন, ‘জাতির গুরুভার আমাদের হাতে এলে আপনাদের খুব প্রয়োজন। ইতিবাচক কাজ হলে যেভাবে আলোচনা করবেন, তেমনি সমালোচনা করে আমাদের দিক-নির্দেশনা দেবেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য সমালোচনা করবেন।’

এর আগে বক্তব্যের শুরুতে জামায়াতের প্রয়াত নেতাদের স্মরণ করে ডা. শফিকুর। সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশের জুলাই যোদ্ধাদেরও স্মরণ করেন তিনি।

অনেকেই বলেছিলেন ইলেকশনই হবে না– এমন মন্তব্য করে জামায়াত আমির বলেন, এরপর নির্বাচনের বড় কৃতিত্ব নির্বাচন আয়োজনের সঙ্গে যুক্ত সবার। এবারের নির্বাচনে সশস্ত্র বাহিনীও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

নির্বাচনী প্রচারে প্রবাসীরা ভূমিকা তুলে ধরে ডা. শফিকুর বলেন, ‘তারা আমাদের ইশতেহার তৈরি থেকে সব কিছুতে ভূমিকা রেখেছেন। প্রবাসীরা স্বৈরাচারের পতনের জন্য ঘোষণা দিয়ে রেমিট্যান্স বন্ধসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

জুলাই আন্দোলনে নারীদের ভূমিকার কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, ‘আজকের এই মুহূর্তে আমি কৃতজ্ঞতা আদায় না করে পারি না জুলাই আন্দোলনের মা-বোনদের। আমরা চেষ্টা করবো তাদের মর্যাদার আসনে বসাতে।’

Ad 300x250

সম্পর্কিত