জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

ইসিকে ‘যেখানে মব সেখানে প্রতিরোধ’ নীতিতে চলার আহ্বান জাপা মহাসচিবের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ২০: ৩৯
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে কথা বলছেন শামীম হায়দার পাটোয়ারী। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘যেখানে মব, সেখানেই প্রতিরোধ’ নীতিতে নির্বাচন কমিশনকে (ইসি) চলার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন না হলে দেশে গৃহযুদ্ধ বা বড় ধরনের রাজনৈতিক সংঘাত তৈরি হতে পারে।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

শামীম হায়দার বলেন, কমিশন নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে, তবে এর প্রতিফলন মাঠে দেখতে হবে। ইসি যে দৃঢ়তা দেখাচ্ছে, মাঠপর্যায়ের ১৭ লাখ সরকারি কর্মীকেও সেই দৃঢ়তা দেখাতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশনকে মব প্রতিরোধের নীতিতেই এগোতে হবে।’

সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে জাপা মহাসচিব সতর্ক করেন, ভোট সুষ্ঠু না হলে রাজনৈতিক মতপার্থক্য বেড়ে অর্থনীতি ধ্বংস হতে পারে। দেশকে বাঁচাতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

শুনানিতে জাপার ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থিতা ফিরে পাওয়া নেতারা হলেন—শরীয়তপুর-৩ আসনের এম এ হান্নান, নরসিংদী-১ এর অ্যাডভোকেট জামান বেবী, নারায়ণগঞ্জ-৪ এর সালাহউদ্দিন খোকা, গাজীপুর-১ এর শফিকুল ইসলাম বাবুল, চাঁদপুর-১ এর হাবিব খান, মাগুরা-২ এর মশিউর রহমান, খুলনা-৫ এর শামীম আরা পারভীন, কুড়িগ্রাম-২ এর মনির উদ্দিন আহমেদ, ঝালকাঠি-১ এর কামরুজ্জামান খান ও নড়াইল-২ এর ফাইকুজ্জামান ফিরোজ।

তবে রংপুর-১ আসনের ব্যারিস্টার মঞ্জুর আলী ও ঢাকা-২ আসনের মোহাম্মদ ফারুকের আপিল খারিজ হয়েছে। তাঁদের প্রার্থিতা ফেরাতে উচ্চ আদালতে রিট করা হবে বলে জানান মহাসচিব।

Ad 300x250

সম্পর্কিত