কারিগরি ও প্রযুক্তি দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রীর উপদেষ্টা
স্ট্রিম প্রতিবেদকঢাকা

সরকারি কর্মচারীদের কারিগরি ও প্রযুক্তি দক্ষতা বৃদ্ধিতে চীনের সহযোগিতা চেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন অবকাঠামো ও আধুনিক প্রযুক্তিতে অভাবনীয় উন্নতিতে যে সমন্বিত ও পরিশুদ্ধ কর্মপরিকল্পনা নিয়েছে তা থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে।
সোমবার (২০ এপ্রিল) চীনের রাজধানী বেইজিংয়ে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের অংশ হিসেবে দেশটির ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বিষয়ক সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন।
জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নানামুখী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ডিজিটাল গভর্নেন্স ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে চীন সহযোগিতা করতে পারে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা অ্যানালিটিক্স ও ই-গভর্নেন্সের মতো ক্ষেত্রগুলোতে।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের অধ্যাপক জু সিউজুন। এ সময় চীনের বিশেষজ্ঞ দল দেশটির পঞ্চবার্ষিক পরিকল্পনার বিভিন্ন ত্বাত্তিক ও প্রায়োগিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জাতীয় থেকে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়ন, মনিটরিং, জনগণের অংশগ্রহণ ও নীতি নির্ধারনের নানা গুরুত্বপূর্ণ দিকও তুলে ধরেন।
একই দিন দুপুরে প্রতিনিধি দলটি বেইজিংয়ে চীনের বিখ্যাত ‘রোবট এক্সিবিশন’ পরিদর্শন করেন।
এর আগে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত ১৬ এপ্রিল ১০ দিনের সফরে দেশটিতে যায় বিএনপির ১৯ সদস্যের প্রতিনিধি দল। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের সঙ্গে যোগ দেন।
.png)






