খুমেকে আগুন: আইসিইউ থেকে সরানোর সময় রোগীর মৃত্যু
স্ট্রিম সংবাদদাতাখুলনা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার পর নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) রোগী সরানোর সময় একজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতাল ভবনের তৃতীয় তলায় পুরাতন আইসিইউ ইউনিটের পাশের স্টোররুমে আগুন লাগে। হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. দিলীপ কুন্ডু বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই স্টোররুমে আগুন লাগে বলে জানা গেছে। সেখানে পুরোনো কাপড় ও কিছু সরঞ্জাম রাখা ছিল।
তিনি আরও বলেন, আগুন ছড়িয়ে পড়লে কয়েকটি অক্সিজেন সিলিন্ডার ও পুরোনো এসি বিস্ফোরিত হয়। এতে দেয়ালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। ওই সময় আইসিইউতে থাকা ১৫ রোগীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। তাঁদের মধ্যে একজন স্থানান্তরের সময় মারা যান।
এদিকে আগুনে পাঁচজন আহত হয়েছেন। তাঁরা হলেন– হাসপাতালের কর্মী সাইদুর রহমান (৫০), সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী ও শারমিন। এ ছাড়া তৌহিদ নামে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন।
.png)






