পদ্মায় তীব্র স্রোতে দৌলতদিয়ায় ফেরি পারাপার ব্যাহত, সতর্কতা জারি
স্ট্রিম সংবাদদাতারাজবাড়ী

পদ্মায় তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি ভিড়তে গিয়ে স্রোতের মুখে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিগুলো ভেসে যাচ্ছে কয়েক কিলোমিটার ভাটিতে। এ অবস্থায় ফেরি চলাচলে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। পাশাপাশি যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে একটি আইটি (টাগবোট) জাহাজ।
এদিকে পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর অপর নৌপথ জৌকুড়া-নাজিরগঞ্জে গত ৬ সেপ্টেম্বর থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে বিআইডব্লিউটিএর আরিচা শাখার যুগ্ম পরিচালক (নৌ-সংরক্ষণ ও পরিচালন) মোহাম্মদ আশ্রাফ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে পদ্মায় বর্তমানে স্রোতের বেগ ঘণ্টায় প্রায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইল। এজন্য এই নৌপথে চলাচল করা সব নৌযান, ফেরি ও লঞ্চকে অতি সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে। একই সঙ্গে যেসব নৌযান ৭ দশমিক ২০ নটিক্যাল মাইলের কম বেগে চলতে সক্ষম, তাদের এই নৌপথ এড়িতে চলতে বলা হয়েছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটে ভিড়তে গিয়ে বিকল হয়ে পড়ে বড় আকারের একটি ফেরি। এ সময় জোরালো ধাক্কায় ৫ নম্বর ঘাটের পন্টুনের একটি অংশ ভেঙে যায়। এতে হুড়োহুড়ি করে ফেরি থেকে তীরে নামেন আতঙ্কিত যাত্রীরা। এর আগে বুধবার ঘাটে ভিড়তে গিয়ে স্রোতের মুখে ‘আমানত শাহ’ ফেরি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক কিলোমিটার দূরে ভেসে যায়। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর বিআইডব্লিউটিসির আইটি জাহাজ দিয়ে সেটিকে উদ্ধার করা হয়। দৌলতদিয়া ঘাটে এমন পরিস্থিতি নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে ঘাট এলাকার বাসিন্দাদের আশঙ্কা।
যাত্রীদের অভিযোগ, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দুর্ভোগ আর দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী। এর পেছনে ঘাট কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতিও রয়েছে। নৌপথে নিরাপদ যাতায়াতের স্বার্থে উন্নত মানের ফেরি চালু অথবা দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ফেরির মাস্টার (চালক) বলেন, নদীতে তীব্র স্রোতের কারণে নদী পারাপারে আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। এছাড়া তীব্র ও ঘূর্ণি স্রোতে ঘাটে ফেরি ভেড়াতে গিয়ে নানা যন্ত্রাংশ বিকল হচ্ছে। অনেক ঝুঁকি ও কষ্ট নিয়ে ফেরি চালাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, তীব্র স্রোতের কারণে ফেরিগুলোকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। কোনো ফেরি ভেসে গেলে তা দ্রুত উদ্ধারের জন্য একটি আইটি জাহাজ ও মেরিন টিম প্রস্তুত রয়েছে।
.png)


-7be686-256x144.webp)



