জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে ৭ জনের মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা কবলিত বাস। স্ট্রিম ছবি

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের চার যাত্রী ও এক বাস সহকারীসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার ঘটকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—ঘটকচরের শাহ আলমের ছেলে রুমান (২৫), কলেজ রোডের নেছার উদ্দিন মুন্সির ছেলে পান্নু মুন্সি (৫০) এবং ইজিবাইকচালক সাগর বেপারী। বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। ঘটকচর এলাকায় একটি ইজিবাইককে চাপা দিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রীর মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়।

অন্য একটি বর্ণনায় জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী একটি বাস ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় সাতজনে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে পুলিশ কাজ করছে। ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকেই দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর মহাসড়কে তিন ঘণ্টারও বেশি সময় যান চলাচল ব্যাহত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত