বাইসাইকেলকাণ্ডে উপজেলা জামায়াত আমির বরখাস্ত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ২৩: ৩৯
বিদায়ি উপজেলা আমির মাওলানা তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

সরকারি বরাদ্দের বাইসাইকেল বিতরণ নিয়ে অনিয়মের খবর প্রকাশের পর ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াত আমির মাওলানা তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে সাবেক শিক্ষক আজিজুর রহমানকে নতুন ভারপ্রাপ্ত আমির করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) কোটচাঁদপুর শহরে এক রুকন সম্মেলনে জেলা আমির ও সংসদ সদস্য (এমপি) আলী আজম মোহাম্মদ আবু বকর এই সিদ্ধান্তের কথা জানান।

জানা যায়, রুকন সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী উপজেলা আমির মাওলানা তাজুল ইসলাম। তবে জুমার নামাজের বিরতির পর দ্বিতীয় অধিবেশনে তিনি অনুপস্থিত থাকেন। তার অনুপস্থিতিতে জেলা আমির আলী আজম মোহাম্মদ আবু বকর তদন্ত ও সাংগঠনিক শৃঙ্খলার স্বার্থে তাজুল ইসলামকে ৩ মাসের জন্য সাময়িক বরখাস্তের ঘোষণা দেন।

ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল আউয়াল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে আজিজুর রহমানকে কোটচাঁদপুর উপজেলার নতুন আমির করা হয়েছে।

আব্দুল আউয়াল বলেন, সংগঠনের গঠনতন্ত্র ও বিধি অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র, আদর্শ ও শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো ধরনের বিচ্যুতি জামায়াত বরদাস্ত করে না।

নতুন দায়িত্বপ্রাপ্ত উপজেলা আমির আজিজুর রহমান জানান, সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল নিয়ে সাবেক আমিরের বিরুদ্ধে গণমাধ্যমে খবর প্রচারিত হওয়ায় দলের ভাবমূর্তি রক্ষায় প্রাথমিকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত ২৪ জুন ঝিনাইদহ-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মতিয়ার রহমানের ঐচ্ছিক তহবিলের বরাদ্দ থেকে সাইকেল বিতরণ করা হয়। ওইদিন তাজুল ইসলাম বিতরণের তালিকায় পাশের বাড়ির এক শিক্ষার্থীর নাম লিখে সাইকেলটি নিজের নাতনির কাছে তুলে দেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে উঠে আসলে গত বুধবার তিনি সাইকেলটি উপজেলা পরিষদে ফেরত দেন।

Ad 300x250

সম্পর্কিত